প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
গোপালপুরে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান: ১ হাজার মিটার জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার : এস কে শিপন
টাঙ্গাইলের গোপালপুরে নিষিদ্ধ ও অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ নিধনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) উপজেলার হেমনগর ইউনিয়নের উত্তর বিলডগার ডগাবিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডগাবিলে দীর্ঘদিন ধরে একদল অসাধু মৎস্য শিকারী নিষিদ্ধ চায়না জাল পেতে দেশীয় মৎস্য সম্পদ ধ্বংস করছিল—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সঙ্গীয় পুলিশ বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালীন সময়ে ডগাবিল এলাকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ১,০০০ (এক হাজার) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মৎস্য শিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত বিপুল পরিমাণ এই নিষিদ্ধ জাল স্থানীয় জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের বক্তব্য:
"দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী যেকোনো অবৈধ জালের ব্যবহারে আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। বর্ষা মৌসুমে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এই ধরণের নিয়মিত চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
এলাকার মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এমন ঝটিকা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃত মৎস্যজীবীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪